রাজধানীতে বাস-কাভার্ডভ্যানে আগুন, বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর নর্দা এলাকায় বাস ও কমলাপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক সময়ে সাত স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ২৭ মিনিটে নর্দা এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পায় তাদের নিয়ন্ত্রণকক্ষ। পরে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, নর্দা এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে রাজধানীর দারুস সালাম, শেরেবাংলা নগর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।
রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানার গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে এসে এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছেন। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।
রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।
অন্যদিকে রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানার নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, দুটি স্থানে পৃথকভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ ছাড়া সন্ধ্যার পর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে, আফতাবনগর পাসপোর্ট অফিসের সামনে, মালিবাগে সোহাগ পরিবহনের সামনে এবং মালিবাগ রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণ এবং রাত ১১ টার দিকে কমলাপুর আইসিডি টার্মিনালের সামনে একটি কাভার্ডভ্যানে আগুন লাগার খবর পাওয়া গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












