এক বছরের চুক্তিতে শিল্পকলার ডিজি হলেন লতিফুল ইসলাম শিবলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৬, ০০:৩৩
অ- অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গীতিকার ও লেখক লতিফুল ইসলাম শিবলী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে গ্রেড-১ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুই বছরের জন্য কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন লতিফুল ইসলাম শিবলী। চলতি বছরের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি।

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদটি গত ২১ সেপ্টেম্বর থেকে শূন্য ছিল। ওই দিন কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিনের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। এরপর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। নতুন মহাপরিচালক নিয়োগের ফলে তার অতিরিক্ত দায়িত্বের অবসান হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিল্পকলা একাডেমির তৎকালীন মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেন। একই বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। তবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।

এরপর একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মহাপরিচালক হিসেবে নিয়োগ পান রেজাউদ্দিন আহমেদ স্টালিন।

লতিফুল ইসলাম শিবলী নব্বইয়ের দশকের জনপ্রিয় গীতিকার। আইয়ুব বাচ্চু ও জেমসসহ দেশের জনপ্রিয় শিল্পীদের জন্য গান লিখেছেন তিনি। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘জেল থেকে বলছি’ ও ‘পালাবে কোথায়’।

গানের পাশাপাশি কবিতা, উপন্যাস, নাটক ও চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন লতিফুল ইসলাম শিবলী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন ড. জিয়াউদ্দিন
১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার, জানুন তাদের নাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগিনাসহ নিহত ৩