পথে আটকে রাত কাটালেন যাত্রীরা, সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ২০:৫৫
অ- অ+

পথে হামলা ও লুটপাটের আতঙ্কে পেট্রোল পাম্পে রাত কাটাতে হয়েছে নারী, শিশুসহ অসংখ্য যাত্রীকে। এমন পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি।

রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকবে। তবে রুট পারমিট থাকায় আরিচা হয়ে কিছু পরিবহন ঢাকায় যাতায়াত করছে।

ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার সুকুমার জানান, ইমাদ, টুঙ্গিপাড়া, সোহাগ, এমআর ও এসপি গোল্ডেনসহ বিভিন্ন পরিবহনের পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে বাস চলাচল স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে শনিবার রাতে সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে নড়াইল ও গোপালগঞ্জের মধ্যবর্তী এলাকায় আতঙ্কজনক পরিস্থিতির মুখে পড়েন উন্নয়নকর্মী তানভীর আহমেদ ও তার সহকর্মী সামি আল জাবির মাহিন। বাসের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে চালক দ্রুত ইউটার্ন নিয়ে একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন। পরে তারা জানতে পারেন, ওই এলাকায় কয়েকটি বাস ও যানবাহনে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

তানভীর আহমেদ জানান, শনিবার রাত সাড়ে আটটার বাসে তারা হোপ ড্রপের কাজ শেষে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। নড়াইল পার হয়ে গোপালগঞ্জের দিকে যাওয়ার পথে হঠাৎ বাসটির সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কিছু বুঝে ওঠার আগেই বাসটি ইউটার্ন নিয়ে দ্রুত একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেয়।

তিনি বলেন, ওই পেট্রোল পাম্পে নারী, শিশুসহ অসংখ্য যাত্রী আটকা পড়েছিলেন। তাদের প্রত্যাশা ছিল, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে এবং নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করবে। কিন্তু সারারাত অপেক্ষা করেও কোনো সহায়তা পাননি তারা। সকাল হওয়ার পরও বাস কর্তৃপক্ষ সামনে এগোতে রাজি হয়নি। শেষ পর্যন্ত বাস ছেড়ে নিজেদের উদ্যোগে কিছুটা হেঁটে, ভ্যানে, মোটরসাইকেলে ও রিকশায় এবং একাধিক বাস বদল করে ঢাকায় পৌঁছান তারা।

নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে তানভীর আহমেদ বলেন, একটি রাতের এই অভিজ্ঞতা দেশের সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। নারী, শিশু ও সাধারণ যাত্রীরা মাঝরাতে এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়লে এবং বিপদের সময় কোনো সহায়তা না পেলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

তিনি আরও বলেন, তারা কোনোভাবে বাসায় ফিরতে পেরেছেন। কিন্তু সবার ভাগ্যে এমন নিরাপদে ফিরে আসা জোটে কি না, সেই প্রশ্ন থেকেই যায়।

অন্যদিকে, সাতক্ষীরা জেলা বাস-মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন হোসেন জানান, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যশোর, খুলনা, আশাশুনি ও শ্যামনগর রুটে যাত্রীবাহী বাস চলাচলে কোনো সমস্যা নেই। জেলার অভ্যন্তরে লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। তবে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় ওই রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করল সরকার
‘পলাতক নেতাদের কথায় বলির পাঁঠা হচ্ছেন আওয়ামী লীগের নিরীহ কর্মীরা’
হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ইরান
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ