পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ সংঘর্ষ ও তাণ্ডবের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম সিপাহী, তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।” তবে প্রত্যক্ষদর্শীরা দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানালেও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে গুলির বিষয়টি নিশ্চিত করা হয়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে শরীয়তপুরের বিকেনগর ও মাদারীপুরের শিবচর এলাকা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় সেতু এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন।
সংঘর্ষ চলাকালে এলাকায় অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় বিএনপির অবস্থান কর্মসূচির স্থান ভাঙচুরের পাশাপাশি অন্তত ১২ থেকে ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্তোরাঁ ও খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, পদ্মা সেতু এলাকায় নাশকতার আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা গত শুক্রবার থেকেই সেখানে অবস্থান করছিলেন। ভোরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
এদিকে, অবরোধ ও সংঘর্ষের কারণে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, অবরোধের কারণে সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল পুনরায় স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











