চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ, রানার্সআপ ২৫ লাখ টাকা
এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে প্রাইজমানি ৭৫ লাখ টাকা

দেশের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। এই টুর্নামেন্টের ফাইনালের জন্য ঘোষণা করা হয়েছে ৭৫ লাখ টাকার প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা। রানার্সআপ দলের জন্য থাকছে ২৫ লাখ টাকা।
শনিবার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এ সময় টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়।
আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি মিডিয়া হাউস। দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। গ্রুপ পর্বের প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে উঠবে।
টুর্নামেন্টের পুরস্কার কাঠামোতেও রয়েছে বড় অঙ্কের অর্থ। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দল পাবে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের ম্যাচে জয়ী ও পরাজিত দলের জন্য বরাদ্দ যথাক্রমে ৩৫ হাজার ও ১৫ হাজার টাকা। কোয়ার্টার ফাইনালে জয়ী দল পাবে এক লাখ টাকা, পরাজিত দল ৫০ হাজার টাকা।
সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফাইনালে জায়গা করে নেওয়া দুই দল পাবে আড়াই লাখ টাকা করে। শেষ চার থেকে বিদায় নেওয়া দুই দল পাবে দেড় লাখ টাকা করে। সবশেষে শিরোপাজয়ী দলের জন্য থাকছে ৫০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২৫ লাখ টাকা।
অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর বলেন, তাঁর বাবা আহমেদ আকবর সোবহান পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য না করার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী চ্যাম্পিয়ন দলের জন্য বাবার পক্ষ থেকে ৫০ লাখ টাকা ঘোষণা করেন তিনি। রানার্সআপ দলের জন্য নিজের পক্ষ থেকে ২৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের দিন সেলিব্রেটিদের অংশগ্রহণে পুরুষ ও নারী বিভাগের দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচও আয়োজন করা হবে।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, এই আয়োজনের উদ্দেশ্য শুধু ফুটবল প্রতিযোগিতা নয়, বরং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে মানুষে মানুষে আনন্দময় সম্পর্ক তৈরির একটি উদ্যোগ এই টুর্নামেন্ট।
ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেও থাকছে পুরস্কার। আসরের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস—প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা।
খেলার বাইরেও গণমাধ্যমকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতি দেওয়া হবে। টেলিভিশন, পত্রিকা, ওয়েব ও মাল্টিমিডিয়া—এই চার বিভাগে সেরা প্রতিবেদন ও কনটেন্টের প্রতিটির জন্য দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য থাকছে এক লাখ টাকা। সেরা আলোকচিত্রের জন্য নির্বাচিত আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা।
আয়োজকদের আশা, বিপুল প্রাইজমানি ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এবিজি মিডিয়া কাপ ফুটবল দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













