জনসেবায় মানবিক ও পেশাদার পুলিশ গড়ার নির্দেশ ডিআইজি জাহিদুল হাসানের

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান। একই সঙ্গে পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসাসুবিধা ও জনবলসংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার জামালপুর জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় এসব নির্দেশনা দেন ডিআইজি।
পরিদর্শনের শুরুতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সমন্বয়ে গঠিত পুলিশ কন্টিনজেন্ট, পতাকাবাহী দল ও বাদক দলের মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন তিনি। পরে প্যারেড পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছদ ও প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন ডিআইজি। চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন তিনি। প্যারেডের প্রশংসা করে পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে উপস্থিত সদস্যদের দিকনির্দেশনা দেন।
পরে জামালপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন মোহাম্মদ জাহিদুল হাসান। এ সময় সংশ্লিষ্ট শাখার কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা ও কাজের মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ লাইন্সে নবনির্মিত একটি ম্যুরাল উদ্বোধন করেন তিনি। পরে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসাসুবিধা ও জনবলসংকটের বিষয়গুলো গুরুত্ব দিয়ে শোনেন ডিআইজি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সভায় জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













