স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই কারণে তার থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।
শনিবার সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ারও পরিকল্পনা ছিল।
দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনার জন্য নির্ধারিত ছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
এর আগে গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












