বিএনপির উন্নয়নের ট্রেন যাত্রা শুরু করেছে: এমপি জিন্নাহ কবির

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়নের ট্রেন ইতোমধ্যে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি বলেছেন, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। আগামী ছয় মাসের মধ্যে ঘিওর উপজেলার সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা এলাকায় শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে আয়োজিত সামাজিক জনসচেতনতা, মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবির বলেন, কৃষক ও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার কৃষকের মধ্যে তা বিতরণ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে শোলধারার প্রকৃত কৃষকদের হাতেও কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান জনগণের সঙ্গে কখনো বেইমানি করবেন না এবং জনগণকে বিপদে ফেলে দেশ ছেড়ে চলে যাবেন না।
নারীদের ভাগ্যোন্নয়নের বিষয়ে তিনি বলেন, অভাব-অনটনের কারণে অনেক নারী পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হন। নারীদের স্বাবলম্বী ও আত্মমর্যাদাবান করে তুলতে প্রতিটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, সেটিও শুরু হয়ে গিয়েছে।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ইতিমধ্যে বানিয়াজুরি ইউনিয়নের ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়েছে। বেশ কিছু ছোট সড়ক নির্মাণ করা হয়েছে এবং ১৫টিরও বেশি কাবিখা, কাবিটা ও টিআর বরাদ্দের মাধ্যমে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। উন্নয়নের এই যাত্রা শুরু হয়েছে, ঢাকা থেকে উন্নয়নের ছোঁয়া সরাসরি শোলধারায় পৌঁছাবে।
তিনি জানান, সড়ক, সেতু, কালভার্ট, মসজিদ-মাদ্রাসা, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের তালিকা প্রস্তুত করা হয়েছে। ঘিওর উপজেলার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে ২২৯ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী ছয় মাসের মধ্যে এসব উন্নয়নকাজ দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্যের শেষে সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবীর, বানিয়াজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ও বানিয়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল আওয়াল, আলোর দিশারী যুব সংঘের সাধারণ সম্পাদক মো. আওয়াল ফজর প্রমুখ।
(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











