বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট বিশিষ্ট ব্যক্তি

বগুড়ায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আট বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার এবং কবি ও প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ্।
পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে বায়েজিদ শেখ।
প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। অন্য অতিথিরা তাঁদের সনদপত্র প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। তিনি অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।
কবি সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে ছিল সেমিনার, কবিতা পাঠ, ‘নজরুল কথাসাহিত্যে নারী’ শীর্ষক মুক্ত আলোচনা ও আবৃত্তি। বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ দাস, বেলাল সরকার, শাকিবুল শাকিল, বাণী রানী পাল, হাসি খাতুন, সম্পা রানী মোহন্ত, হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, মোমিন শাওন, বখতিয়ার হোসাইন, আবু রায়হান, হিরণ্য হারুন, অভি জেনেট, বকুল আশরাফ, তুষার শুভ্র ও নাসির সিরাজী প্রমুখ।
(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











