টাঙ্গাইলে যুবদল নেতার বাড়িতে মিলল ৭ বস্তা বিদেশি মদ

টাঙ্গাইলের ভূঞাপুরে রাশেদুল ইসলাম রঞ্জু মণ্ডল নামে এক যুবদল নেতার বাড়ি থেকে ৭ বস্তা অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পুরাতন গ্রামীণ ব্যাংকসংলগ্ন রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে মদের বস্তাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নাগরপুর উপজেলার ভাবনাপাড়া এলাকার রফিস উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ (৩১), ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য শামীম আল মাসুম (৪০) এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী গ্রামের কামরুল উদ্দিনের ছেলে ও প্রাইভেটকার চালক নূর মোহাম্মদ ওরফে নুরু (৪৮)।
মদের বস্তাগুলো রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়নি। রঞ্জু মণ্ডল গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলের দিকে একটি সাদা প্রাইভেটকারে করে রঞ্জু মণ্ডলের বাড়িতে প্রায় সাড়ে ৭ বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন চালক নুরু। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টেবিলের নিচে অর্ধেক বস্তা মদের বোতল রাখা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মদ উদ্ধার করে। এ সময় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ প্রাইভেটকারটির কাগজপত্র পরীক্ষার জন্য সংকেত দেয়। তখন প্রাইভেটকারের আরেক চালক জহিরুল ইসলাম কৌশলে এলেঙ্গা থেকে পালিয়ে যান। পরে রঞ্জুর দেওয়া ঠিকানা অনুযায়ী প্রাইভেটকারটি তার বাড়িতে নিয়ে আসেন বলে জানান চালক নুরু।
ওসি একেএম রেজাউল করিম বলেন, সাড়ে ৭ বস্তা বিদেশি মদ এবং প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। যুবদল নেতার বাড়ি থেকে মদ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










