রবিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই মতবিনিময় চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রথম দিন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন।
শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। ফলে শেষ পর্যন্ত ১৫টি দলের সঙ্গে কমিশনের মতবিনিময় হতে পারে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসি জানিয়েছে, মতবিনিময় সভা কমিশনের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কমিশনের সূচি অনুযায়ী, ৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। আর ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি।
তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে এই মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণের বাইরে রাখা হয়েছে।
রোববারের মতবিনিময়ে কোনো দল অংশ নিতে না পারলেও পরবর্তী সময়ে তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













