হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনের বিস্ফোরণে একটি তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন ধরে গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে প্রণালির নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর জাহাজটি মাইনের আঘাতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। একই সময়ে ওই অঞ্চলের আকাশসীমায় একটি ‘শত্রুর গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
ইরানের নৌবাহিনী জানায়, তিনটি তেলের ট্যাংকার নিজেদের শনাক্তকরণ (এআইএস) ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির পূর্ব পাশের একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এ সময় সমুদ্রের নিচে পেতে রাখা মাইনের আঘাতে একটি ট্যাংকারে আগুন ধরে যায় এবং সেটি বিকল হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সঙ্গে থাকা অন্য দুটি ট্যাংকারও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়।
তবে বিবৃতিতে ক্ষতিগ্রস্ত বা ফিরে যাওয়া ট্যাংকারগুলোর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো নাবিক বা ক্রু হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানায়নি তেহরান।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত সেনাবাহিনীর অপর এক বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের জলসীমার ওপর একটি ‘শত্রু গোয়েন্দা ড্রোনের’ উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটি কোন দেশ বা সংস্থার এবং ঠিক কখন সেটি ভূপাতিত করা হয়েছে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
এদিকে, হরমুজ প্রণালি নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইরানের নৌবাহিনী। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত’ এই প্রণালি বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার জবাবে অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। পরবর্তীতে চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে গত জুনে একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে মতবিরোধের কারণে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












