প্যারোলে মুক্তি নয়, কারাফটকে ছেলেকে দেখার আবেদন করেছিলেন শর্মীর স্বামী: গাজীপুরের ডিসি

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৬
অ- অ+

নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। বরং কারাগারে থাকা শর্মীকে তার সন্তানের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য কারাফটকে মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছিলেন তার স্বামী।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, কোনো নাগরিক কারাগারে বন্দী থাকা অবস্থায় তার সন্তান মারা গেলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন পেলে তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে শারমিন সুলতানা শর্মীর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি।

কারা কর্তৃপক্ষও জানিয়েছে, শর্মীর প্যারোলে মুক্তির কোনো আবেদন বা কাগজপত্র তাদের কাছে আসেনি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, শর্মীর স্বামী শাহাদাৎ হোসেন নিপু সন্তানের মরদেহ কারাফটকে নিয়ে এসে স্ত্রীকে দেখানোর আবেদন করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি এবং নিরাপত্তা নিশ্চিত করার পর মানবিক বিবেচনায় তাঁদের শেষ দেখার ব্যবস্থা করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য গত শুক্রবার রাতে মারা যায়। শনিবার দুপুরের দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখার সুযোগ করে দেওয়া হয়।

এদিকে নিস্বর্গ হোসেন তূর্যকে জানাজা শেষে ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাকাশ গবেষণায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় পাকিস্তান
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক গ্রেপ্তার
মিরপুরে বাস, মোহাম্মদপুরে পুলিশের গাড়িতে আগুন
স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর