পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১১:০২
অ- অ+

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং রেস্তোরাঁ ও বিপণিবিতানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ রবিবার (২৯ নভেম্বর) ভোর থেকেই শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র হাতে জাজিরা গোলচত্বর এলাকায় জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালে পদ্মা সেতুসংলগ্ন ‘আব্দুর রাজ্জাক সুপার মার্কেট’ এবং ‘পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে’ নামের একটি রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে প্রতিষ্ঠান দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এদিকে, উত্তপ্ত ও সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে সেতুর টোল প্লাজা এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান।

কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত দুই দিনের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের টেকেরহাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। একই সঙ্গে ফরিদপুরের মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকায় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শত শত দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে নারী, শিশু ও রোগীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। নিরাপত্তার শঙ্কায় অনেক পরিবহনমালিক সকাল থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদ্মা সেতুর টোল প্লাজাসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সরিয়ে সড়ক যোগাযোগ পুনরায় সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১