ডিবির অভিযানে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালকসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির অভিযান সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার ভাই (মনিরুলের শ্যালক) রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক রয়েছেন। এ ছাড়া একই অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে যান। সে সময় দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাকে কক্ষে আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় সচিবালয়ের বাইরে পাঠিয়ে দেন। এরপর তিনি আর অফিসে যাননি। পরবর্তীতে ওই বছরের ৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এদিকে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় মনিরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।
দুদকের এজাহার অনুযায়ী অভিযুক্তরা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।
২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।
এসব ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













