সারা দেশে বাস-ট্রেন-স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৮৬

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬
অ- অ+

জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত চালানো এসব হামলায় অন্তত আটটি বাস, একটি ট্রেনের বগি, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়, বিদ্যুৎ উপকেন্দ্র, জুলাই স্মৃতিস্তম্ভ, সংসদ-সদস্যের বাড়ি, পুলিশ ব্যারাক, বিএনপির কার্যালয় ও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নাশকতার সরঞ্জামসহ সাভার ও আশুলিয়া থেকে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ককটেল, হাতবোমা ও পেট্রোলবোমা উদ্ধার এবং ৩৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকা

সাভার ও আশুলিয়ায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে আশুলিয়ার গণকবাড়ি ও সরকার মার্কেট এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহণের দুটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে সাভার ও গাবতলীতে আরও দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এদিকে, হানিফ পরিবহণের আদলে সাজানো একটি বাস ব্যবহার করে নাশকতার পরিকল্পনাকালে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া ও হেমায়েতপুর থেকে নয়জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার রয়েছেন। বাসটি থেকে পেট্রোল, মশাল ও ব্যানার উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, শনিবার রাত পৌনে ৮টায় রাজধানীর মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহণের একটি চলন্ত বাসে এবং রাত ১১টায় ভাষানটেকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ভোররাতে মোহাম্মদপুরে এসপিবিএনের একটি অকেজো গাড়িতেও আগুন লাগে। এ ছাড়া সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে মগবাজার ওয়্যারলেস, ইনসাফ বারাকাহ হাসপাতালের সামনে, কুর্মিটোলা ওভারব্রিজ এবং যাত্রাবাড়ীর ফলপট্টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রলবোমা ও ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। নাশকতার অভিযোগে পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শনিবার ঢাকা, গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছে ৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যান্য জেলার চিত্র

নারায়ণগঞ্জ ও রংপুর: শুক্রবার রাত ৩টায় রূপগঞ্জের বলাইখায় অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ডিটিএল পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার ভোর ৫টায় রংপুর নগরের আর কে রোডে গ্যারেজে থাকা একটি বাসে আগুন দিলে ইঞ্জিনসহ ব্যাপক ক্ষতি হয়।

চাঁদপুর: শুক্রবার রাত ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগে। এতে দুটি আসন পুড়ে গেলেও কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী: নগরের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি উপকেন্দ্রে বৃহস্পতি ও শুক্রবার পরপর দুই রাতে হামলা চালানো হয়। দ্বিতীয় রাতে পেট্রোলবোমা বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায় এবং হামলাকারীরা তিন রাউন্ড গুলি ছোড়ে। সেখান থেকে চারটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।

সিলেট ও চট্টগ্রাম: শনিবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-৩ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করলে টিনের চালে আগুন ধরে যায়। এ ছাড়া সিলেটের কানাইঘাট, চট্টগ্রামের মীরসরাই এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

পিরোজপুর, ভোলা ও মেহেরপুর: শুক্রবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় আরাফাত পরিবহণের একটি বাসে এবং নাজিরপুরের খেজুরতলা বাজারে তিনটি দোকানে আগুন দেওয়া হয়। ভোলার লালমোহনে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগে পাশের একটি পান দোকান পুড়ে যায়। মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই কর্মীর বাড়ির গেটে ককটেল নিক্ষেপ করা হয়।

ফরিদপুর ও নাটোর: শুক্রবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ছোড়া ককটেল পাশের পৌর মার্কেটের ছাদে বিস্ফোরিত হয়। এ ছাড়া মধুখালীতে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করা হয়। নাটোর শহরে শনিবার ভোররাতে মুখোশধারী এক যুবক ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়ে পালিয়ে যায়।

বোমা ও ককটেল উদ্ধার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নওগাঁর রাণীনগরের জঙ্গল থেকে ১০টি ককটেল, বরিশালের আগৈলঝাড়ার ফুল্লশ্রী গ্রাম থেকে দুটি হাতবোমা এবং জামালপুরের সরিষাবাড়ী থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। নাশকতা রোধে সারা দেশে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিবির অভিযানে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মানবিকতাই মানুষের শ্রেষ্ঠত্বের নিয়ামক
হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করল ইরান
প্যারোলে মুক্তি নয়, কারাফটকে ছেলেকে দেখার আবেদন করেছিলেন শর্মীর স্বামী: গাজীপুরের ডিসি