শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, ২৪ ঘণ্টায় পিবিআইয়ের জালে ৫ আসামি

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক জাহিদ রহমানকে (২০) অপহরণের পর গজারী বনে নিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র ২৪ ঘণ্টার অভিযানে হত্যার মূল রহস্য উদ্ঘাটনসহ ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা এবং গাড়ির বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) পিবিআই গাজীপুর জেলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ইন্তাজ আলী ইন্তা (২৫), মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), মো. জাহাঙ্গীর ফকির (৪২) এবং ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)। শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পিবিআই জানায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যার পর জাহিদ রহমান অটোরিকশা নিয়ে কাপাসিয়ার কেওয়া ঘাট থেকে যাত্রী নিয়ে লতিফপুর-গোসিঙ্গার দিকে রওনা হয়ে নিখোঁজ হন। পরদিন ২৬ নভেম্বর সকালে শ্রীপুরের সাভারচালা পশ্চিমপাড়া এলাকায় বন বিভাগের গজারী বাগান থেকে হাত-পা, মুখ ও গলায় রশি বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ২৭ নভেম্বর শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করলে ২৮ নভেম্বর পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।
তদন্তে পিবিআই জানতে পারে, নিহত জাহিদের সঙ্গে আসামি ইন্তাজ আলীর পূর্বপরিচয় ছিল। নগদ টাকার প্রয়োজনে ইন্তাজ ও তার সহযোগীরা জাহিদকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারী বন থেকে লাকড়ি আনার কথা বলে জাহিদকে ডাকবাংলো মোড়ে ডেকে আনে ইন্তাজ।
এরপর ইন্তাজ ও হাবিবুল্লাহ যাত্রী সেজে অটোরিকশায় উঠে গজারী বনের ভেতরে নিয়ে যায়। সেখানে আগে থেকে কিনে রাখা দড়ি দিয়ে জাহিদের হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়। মরদেহ জঙ্গলে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। পরবর্তীতে আলম, জাহাঙ্গীর ও খলিলের সহযোগিতায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় আসামিরা।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা, পাঁচটি ব্যাটারি, তিনটি চাকা, স্টিয়ারিং, সিটকভারসহ গাড়ির বিভিন্ন খণ্ডিত অংশ জব্দ করেছে পিবিআই। গ্রেপ্তারদের মধ্যে ইন্তাজ আলী ইন্তা, হাবিবুল্লাহ ও জাহাঙ্গীর ফকির আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













