রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জননিরাপত্তায় আইনি কাঠামোবদ্ধ ‘পিপলস কুইক রেসপন্স টিম’

একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রথম ও প্রধান শর্ত হলো কার্যকর জননিরাপত্তা ব্যবস্থা। ঐতিহাসিক গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, সেখানে সবচেয়ে সংবেদনশীল ও চ্যালেঞ্জিং খাত নিঃসন্দেহে আইনশৃঙ্খলা রক্ষা। দীর্ঘদিনের দলীয়করণ, ক্ষমতার অপব্যবহার এবং ছাত্র-জনতার ওপর নজিরবিহীন বলপ্রয়োগের কারণে প্রচলিত পুলিশ বাহিনী এক গভীর আস্থার সংকট ও মনস্তাত্ত্বিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। একইসঙ্গে, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত অপশক্তির চোরাগোপ্তা সন্ত্রাস, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় কেবল প্রচলিত ও সীমিত জনবলের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে থাকা রাষ্ট্রের জন্য এক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই ক্রান্তিকালে তৃণমূল পর্যন্ত সুনির্দিষ্ট আইনি কাঠামোর অধীনে ‘পিপলস কুইক রেসপন্স টিম’ (People’s Quick Response Team - PQRT) গঠন করা কেবল সময়োপযোগী পদক্ষেপই নয়, বরং এটি একটি অনিবার্য রাষ্ট্রীয় প্রয়োজন।
প্রচলিত আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতা ও বাস্তবতা
অপরাধবিজ্ঞানের মৌলিক তত্ত্ব অনুযায়ী, কোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনী যখন জনগণের আস্থা হারায়, তখন তাদের পেশাগত কার্যকারিতা ও মনোবল তলানিতে এসে ঠেকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ও পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশে প্রায় ১৭ কোটিরও বেশি মানুষের বিপরীতে পুলিশের অনুমোদিত জনবল মাত্র ২ লাখ ১৮ হাজারের কিছু বেশি। অর্থাৎ প্রতি ৮৬৮ জন নাগরিকের বিপরীতে পুলিশ সদস্য রয়েছেন মাত্র একজন (ক্ষেত্রবিশেষে যা ১:১২০০ পর্যন্ত দাঁড়ায়), যা জাতিসংঘ নির্ধারিত আদর্শ অনুপাত (১:৪৫০)-এর তুলনায় অর্ধেকেরও কম।
তদুপরি, গণঅভ্যুত্থানের পর বাহিনীর অভ্যন্তরে লুকিয়ে থাকা বিগত ফ্যাসিবাদী শাসনের দোসরদের নিষ্ক্রিয়তা, তথ্য পাচারের শঙ্কা এবং মাঠপর্যায়ের সদস্যদের মানসিক ও লজিস্টিক দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাম্প্রতিক এক জরিপের তথ্যমতে, অতীতে পুলিশের সেবা নিতে গিয়ে প্রায় ৩৮ শতাংশ মানুষ হয়রানির শিকার হয়েছেন এবং ৩১ শতাংশ মানুষ ঘুষ দিতে বাধ্য হয়েছেন। এমতাবস্থায়, একদিকে বাহিনীতে নতুন নিয়োগ ও সংস্কারের মাধ্যমে পেশাদারিত্ব ফিরিয়ে আনা যেমন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত অপশক্তির তাৎক্ষণিক সন্ত্রাস ও নাশকতা রুখতে দ্রুততম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তাত্ত্বিক ভিত্তি: ‘প্রোসিডিউরাল জাস্টিস’ ও ‘কমিউনিটি-ওরিয়েন্টেড পুলিশিং’
আধুনিক অপরাধবিজ্ঞান ও নিরাপত্তা অধ্যয়নে ‘কমিউনিটি-ওরিয়েন্টেড পুলিশিং’ (Community-Oriented Policing) এবং ‘প্রোসিডিউরাল জাস্টিস’ (Procedural Justice) বা পদ্ধতিগত ন্যায়বিচার তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত অপরাধবিজ্ঞানী ও ইয়েল ল স্কুলের অধ্যাপক টম আর. টাইলার (Tom R. Tyler) তাঁর গবেষণায় প্রমাণ করেছেন যে, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ও আনুগত্য কেবল বলপ্রয়োগের ভয়ে তৈরি হয় না, বরং তা নির্ভর করে প্রক্রিয়ার স্বচ্ছতা, ন্যায্যতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর।"
আবার আধুনিক পুলিশিংয়ের জনক স্যার রবার্ট পিল (Sir Robert Peel) ১৮২৯ সালে তাঁর বিখ্যাত নীতিমালায় বলেছিলেন, "পুলিশই জনগণ এবং জনগণই পুলিশ (The police are the public and the public are the police)।" অর্থাৎ, নাগরিকদের সক্রিয় ও প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ ছাড়া কোনো রাষ্ট্রই কেবল উর্দিধারী বাহিনী দিয়ে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। বাংলাদেশে ১৯৯০-এর দশকে ময়মনসিংহে এবং ২০০৫ সালে ‘পুলিশ রিফর্ম প্রোগ্রাম’ (PRP)-এর অধীনে কমিউনিটি পুলিশিং চালু হলেও, রাজনৈতিক হস্তক্ষেপ ও আইনি বাধ্যবাধকতা না থাকায় তা মূলত দলীয় ক্যাডারদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছিল। তাই অতীতের ব্যর্থ মডেল বাদ দিয়ে একটি সম্পূর্ণ অরাজনৈতিক, জবাবদিহিমূলক ও শক্তিশালী আইনি কাঠামোর অধীনে ‘পিপলস কুইক রেসপন্স টিম’ গঠন করতে হবে।
বৈশ্বিক প্রেক্ষাপট ও সফল মডেলসমূহ
পৃথিবীর বহু দেশেই সংকটকালীন বা নিয়মিত জননিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত পুলিশের পাশাপাশি নাগরিকদের নিয়ে আইনি কাঠামোবদ্ধ দ্রুতগতির টিম বা ভলান্টিয়ার ফোর্স গঠনের সফল নজির রয়েছে:
১. যুক্তরাজ্যের ‘স্পেশাল কনস্ট্যাবুলারি’ ও ‘নেইবারহুড ওয়াচ’: যুক্তরাজ্যে নিয়মিত পুলিশ বাহিনীর পাশাপাশি ‘স্পেশাল কনস্ট্যাবুলারি’ (Special Constabulary) নামে একটি আইনি কাঠামোবদ্ধ স্বেচ্ছাসেবী বাহিনী রয়েছে, যাদের সদস্যরা সাধারণ নাগরিক হলেও প্রশিক্ষণ ও আইনের আওতায় পুলিশের মতোই ক্ষমতা ও দায়িত্ব পালন করেন। তারা স্থানীয় পর্যায়ে যেকোনো অস্থিতিশীলতা বা অপরাধ দমনে দ্রুত সাড়া (Quick Response) দিয়ে থাকেন।
২. জাপানের ‘কোবান’ (Koban) ও ‘বোহান’ (Bohan) ব্যবস্থা: জাপানের বিশ্বখ্যাত নিরাপত্তা ব্যবস্থার মূলে রয়েছে পাড়া-মহল্লা ভিত্তিক ‘কোবান’ পুলিশ বক্স এবং স্থানীয় নাগরিকদের নিয়ে গঠিত ‘বোহান’ (অপরাধ প্রতিরোধ সমিতি)। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে, স্থানীয় নাগরিকদের এই সংগঠিত নেটওয়ার্কের কারণেই দেশটিতে অপরাধের হার বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
৩. যুক্তরাষ্ট্রের ‘কমিউনিটি ইমার্জেন্সি রেসপন্স টিম’ (CERT): যুক্তরাষ্ট্রে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (FEMA)-এর অধীনে স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে CERT গঠন করা হয়েছে। যেকোনো জরুরি অবস্থা, নাশকতা বা দুর্যোগে রাষ্ট্রীয় বাহিনী পৌঁছানোর আগেই এই টিম প্রাথমিক প্রতিরোধ ও নিরাপত্তা বলয় তৈরি করে।
৪. সিঙ্গাপুরের ‘সিটিজেনস অন প্যাট্রোল’ (COP): সিঙ্গাপুর পুলিশ ফোর্সের তত্ত্বাবধানে স্থানীয় কমিউনিটিগুলোর মাধ্যমে গঠিত এই টিমগুলো রাতদিন পালাক্রমে নিজ নিজ এলাকায় নজরদারি চালায় এবং সন্দেহজনক যেকোনো তৎপরতা তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় কমান্ড সেন্টারকে অবহিত করে।
প্রস্তাবিত ‘পিপলস কুইক রেসপন্স টিম’ (PQRT)-এর আইনি ও সাংগঠনিক রূপরেখা
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিষিদ্ধ আওয়ামী চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতা রুখতে এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে এই টিমকে অবশ্যই ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে মুক্ত রাখতে হবে। এজন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট আইন বা অধ্যাদেশ। নিচে এর একটি কাঠামোগত প্রস্তাবনা তুলে ধরা হলো:
আইনি বৈধতা ও অধ্যাদেশ: দণ্ডবিধি (Penal Code) এবং ফৌজদারি কার্যবিধির (CrPC) সংশ্লিষ্ট ধারাসমূহের (যেমন—CrPC-এর ৪২ ও ৫৯ ধারায় সাধারণ নাগরিকের সহায়তা ও গ্রেপ্তারের সীমিত ক্ষমতা) সাথে সামঞ্জস্য রেখে সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করতে পারে। এর ফলে টিমের সদস্যদের কর্মকাণ্ডের আইনি বৈধতা ও সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি ক্ষমতার অপব্যবহার করলে কঠোর শাস্তির বিধানও থাকবে।
অরাজনৈতিক ও স্বচ্ছ বাছাই প্রক্রিয়া: ইউনিয়ন, ওয়ার্ড এবং পাড়া-মহল্লা পর্যায়ে স্থানীয় শিক্ষক, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানের পরীক্ষিত ও দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই টিম গঠন করতে হবে। কোনো চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ বা রাজনৈতিক সুবিধাবাদী যেন এতে প্রবেশ করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের যৌথ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করতে হবে।
প্রশিক্ষণ ও অপারেশনাল কমান্ড: নির্বাচিত সদস্যদের উপজেলা বা জেলা পর্যায়ে স্বল্পমেয়াদী মৌলিক প্রশিক্ষণ (যেমন—মানবাধিকার, প্রাথমিক চিকিৎসা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, ভিড় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল যোগাযোগ) প্রদান করতে হবে। তারা সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পের সাথে একটি সমন্বিত ‘ডিজিটাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবেন।
দায়িত্বের পরিধি ও জবাবদিহিতা: PQRT-এর মূল কাজ হবে—এলাকায় নিষিদ্ধ গোষ্ঠীর গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনা বা অস্ত্রের মজুদ সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ (Early Warning System), যেকোনো হামলার মুখে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা এবং সংখ্যালঘু ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। তবে তারা কোনোভাবেই বিচারিক ক্ষমতা প্রয়োগ বা কাউকে শারীরিক নির্যাতন করতে পারবেন না; বরং আটককৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে সোপর্দ করতে বাধ্য থাকবেন।
মনে রাখাতে হবে- বিখ্যাত দার্শনিক এডমন্ড বার্ক (Edmund Burke) যথার্থই বলেছিলেন, "অশুভ শক্তির বিজয়ের জন্য কেবল ভালো মানুষদের নীরব থাকাই যথেষ্ট।" রাষ্ট্র যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করে, তখন প্রথাগত আমলাতান্ত্রিক ও পুলিশি কাঠামোর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে জনগণের শক্তিকেই প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়। পুলিশ বাহিনীতে পর্যাপ্ত নিয়োগ, প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তৃণমূল পর্যন্ত আইনি কাঠামোবদ্ধ ‘পিপলস কুইক রেসপন্স টিম’ গঠন করা গেলে তা একদিকে যেমন পুলিশ বাহিনীর ওপর অতিরিক্ত চাপ কমাবে, অন্যদিকে যেকোনো অপশক্তির নাশকতা ও সন্ত্রাসবাদকে অঙ্কুরেই বিনষ্ট করবে। রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় নাগরিক এবং রাষ্ট্রীয় বাহিনীর এই যৌথ ও আইনি মেলবন্ধনই হতে পারে নতুন বাংলাদেশের সুশাসন ও স্থিতিশীলতার সবচেয়ে শক্তিশালী রক্ষাকবচ।
লেখক: অপরাধবিজ্ঞান, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ; সাবেক উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













