মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ২০:৫৬
অ- অ+

সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। পাশাপাশি মার্কেটগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে আগ্রহী, সেসব প্রতিষ্ঠানকে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপন করা হলে সংশ্লিষ্ট বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে সমিতি।

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে উদ্বেগ

বৈঠকে সারা দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, এখনো প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। সাধারণ মানুষ একে লোডশেডিং মনে করলেও বেশির ভাগ ক্ষেত্রেই তা বিদ্যুৎ বিভ্রাট।

সমিতির হিসাব অনুযায়ী, একজন গ্রাহক বছরে গড়ে ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন। একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে মাত্র একবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

প্রিপেইড মিটারের রিচার্জ নিয়ে সিদ্ধান্ত

প্রিপেইড মিটারের রিচার্জ নিয়েও বৈঠকে আলোচনা হয়। সমিতির নেতারা অভিযোগ করেন, দুই হাজার টাকা রিচার্জ করলেও মিটারে তুলনামূলক কম অর্থ প্রদর্শিত হয়। পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়া হয়।

এ ছাড়া মিটার ভাড়া বাতিলের সিদ্ধান্ত থাকলেও এ বিষয়ে পরিপত্র না থাকায় এখনো গ্রাহকদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ অবস্থায় মোবাইল ফোনে রিচার্জের মতো গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পরিমাণ অর্থই প্রদর্শিত হয়, এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য প্রযোজ্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবেও সম্মতি দিয়েছেন মন্ত্রী বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

বৈঠকে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির বিষয়টিও তুলে ধরে দোকান মালিক সমিতি। তাদের অভিযোগ, এসব চুরির কারণে শত শত গ্রাহক লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন।

এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পথে আটকে রাত কাটালেন যাত্রীরা, সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস বন্ধ
‘পলাতক নেতাদের কথায় বলির পাঁঠা হচ্ছেন আওয়ামী লীগের নিরীহ কর্মীরা’
হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ইরান
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ