সুন্দরবনে অস্ত্র-গুলিসহ কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান গ্রেপ্তার, জিম্মি জেলে উদ্ধার

মোংলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:৩৩
অ- অ+

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এর আগে ডাকাতদের হাতে জিম্মি থাকা এক জেলেকেও জীবিত উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুর ১২টার দিকে খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান।

অভিযান চলাকালে ডাকাতদের ব্যবহৃত একটি কাঠের নৌকা এবং মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে খুলনার দাকোপ থানার মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আসাবুর সানাকে এর আগেও ২০২৪ সালের ১২ নভেম্বর আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন।

আটক আসাবুর সানা খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা। উদ্ধার হওয়া জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তি, জব্দ নৌকা ও উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে গত শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি। এ সময় ডাকাতদের ব্যবহৃত রসদসহ নৌকাটি জব্দ করা হয়। তবে ওই এলাকায় কাউকে পাওয়া যায়নি বলে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে জব্দ নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপ্রতিম হত্যা মামলা: পরবর্তী চার্জ শুনানি ১৪ ডিসেম্বর
মালয়েশিয়াগামী ৩১৭ জন উদ্ধার, ৭ দালাল আটক
আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: উপদেষ্টা তিতুমীর
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি