শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং একই রাতে মাওনা চৌরাস্তার উড়ালসেতু থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রথমে ইউএনওর সরকারি বাসভবনের সামনের সড়কে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রায় আধা ঘণ্টার মধ্যে মাওনা চৌরাস্তার উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপ করা হয়।
ইউএনও নাহিদ ভূঞা জানান, রাত ১০টা ২২ মিনিটের দিকে তার সরকারি বাসভবনের সামনের সড়কে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। শব্দ শুনে বাইরে বের হয়ে সড়কে ককটেল পড়ে থাকতে দেখেন।
তিনি আরও জানান, বাসভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য ধরা পড়েছে। তবে ফুটেজে থাকা ব্যক্তিদের পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে যাচাই করা হচ্ছে।
এরপর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে নিচে পরপর দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। উড়ালসেতুর পূর্ব ও পশ্চিম পাশে বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর অনেকেই নিরাপদ স্থানে সরে যান। রাতের সময় হওয়ায় ওই এলাকায় মানুষের চলাচল তুলনামূলক কম ছিল। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলগুলোতে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পরে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ইউএনওর সরকারি বাসভবন ও মাওনা চৌরাস্তা—দুই জায়গাতেই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ককটেল নিক্ষেপের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












