খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ ৫ জন

খুলনার অপরাধজগতের আলোচিত নাম শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজনকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ইমরান (৪০), ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তারা সবাই খুলনার রূপসা উপজেলার বাসিন্দা।
অভিযানকারী দলের তথ্যমতে, গ্রেপ্তারকৃত ইমরান খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং শুটার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন, রূপসায় পিতা-পুত্র হত্যা, অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এ ছাড়া খুলনা মহানগরীসহ রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












