নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৩
অ- অ+

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

কোনও ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে একাধিকবার যানবাহন বদলে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে একদিকে সময় বেশি লাগছে, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

রবিবার সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনও রুটেই বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাস।

অন্যদিকে, অপেক্ষমাণ যাত্রীরা বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করছেন।

ধামইরহাট উপজেলা থেকে আসা যাত্রী শিপন বলেন, সকালে ধামইরহাট স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো বাস ছাড়ছে না। পরে তিন দফায় ব্যাটারিচালিত রিকশা বদলে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার জায়গায় ২৫০ টাকা ভাড়া গুনতে হয়েছে, সময়ও লেগেছে দ্বিগুণ। বাড়ি ফেরার পথেও একই দুর্ভোগ পোহাতে হবে।

জরুরি কাজে সকালে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নওগাঁ শহরের বাসিন্দা আফরোজা। তিনি বলেন, এটা যেন এখন নিয়মে পরিণত হয়েছে। কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হলো। সেই ভোগান্তি কাটতে না কাটতেই আজ আবার হঠাৎ ধর্মঘট। তাদের নিজেদের মধ্যে সমস্যা হলেই কোনও ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেন। আর এর খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ যাত্রীদের।

ধর্মঘটের কারণ জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশাচালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

রফিকুল ইসলাম আরও জানান, গত সেপ্টেম্বরে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে তখন তিন দিন বাস ধর্মঘট পালন করা হয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় এক বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে অটোরিকশা চলাচল করছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগও কাজে আসেনি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, বাস শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন, বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে তাদের অযৌক্তিক দাবি আদায় করেন। তারা সড়কে আমাদের অটোরিকশাও চলতে দিচ্ছেন না। গত সেপ্টেম্বরে তারা প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছিলেন।

প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে শহিদুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের বৈঠকে প্রশাসন ওই সময়ের প্রস্তাব দিয়েছিল মাত্র, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলাম এবং পরবর্তী বৈঠকে সমাধানের কথা ছিল। কিন্তু আর কোনও বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের প্রশ্নই ওঠে না।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল 
কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত
কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংকে হামলা ​
সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ