গোপালগঞ্জ হয়ে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিরাপত্তা জনিত কারণে গোপালগঞ্জ হয়ে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে দূরপাল্লার সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে দূরপাল্লার কোনো বাসই চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ২৯ ও ৩০ নভেম্বর দুইদিনের লকডাউনকে কেন্দ্র করে এই বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ যে স্থানীয় রুট রয়েছে সেসব রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রবিবার দুপুরে বাগেরহাট বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছেন। বেশিরভাগ কাউন্টার বন্ধ থাকলেও কয়েকটি কাউন্টার খোলা রয়েছে। তবে সেগুলোতেও তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। বাস না পেয়ে অনেক যাত্রীকে সকাল থেকে অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ বিকল্প যানবাহনের খোঁজ করছেন। আবার অনেকে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।
সরকারি পিসি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইমন ইসলাম বলেন, আমার তৃতীয় বর্ষের একটি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ছিল। আমি গতকাল ঢাকা থেকে পরীক্ষা দিতে আসছি। আজ আবার পরীক্ষা দিয়ে চলে যাব। বাস স্ট্যান্ড এসে দেখি কোনো বাস চলছে না। পরে অনেক খোঁজার পর একটি বাস পেয়েছি। বাসটি বিকল্প পথে যাবে। সাড়ে তিন ঘণ্টার পথ এখন ৮-৯ ঘণ্টা লাগবে।
মোড়েলগঞ্জের ইবরাহিম শেখ বলেন, জরুরি প্রয়োজনে আমার ঢাকায় যাওয়া প্রয়োজন ছিল। মোড়েলগঞ্জ বাস স্ট্যান্ড এসে ঢাকার কোনো বাস পাইনি। পরে মোড়েলগঞ্জ থেকে বাগেরহাটে এসেও কোনো ঢাকাগামী বাস পাইনি। এখন লোকাল বাসে করে খুলনা যাব। সেখান থেকে ঢাকাগামী বাস পেলে ঢাকায় যাওয়ার চেষ্টা করব।
দোলা পরিবহনের টিকিট বিক্রেতা মো. আলাল বলেন, গোপালগঞ্জের পরিস্থিতির কারণে বাগেরহাট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। ঢাকাগামী যাত্রীও খুব কম। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে।
দিগন্ত পরিবহনের টিকিট বিক্রেতা লিটন খান বলেন, লকডাউনের এই দুইদিন দিনের বেলা কোনো দূরপাল্লার বাস চলবে না, রাতে বিকল্প পথে চলবে। বাগেরহাট, খুলনা যশোর, মাগুরা, আরপাড়া হয়ে ঢাকা যাবে। তাতে সময় অনেক বেশি লাগবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সুপারভাইজার বলেন, শনিবার বিকাল থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার সব বাস বন্ধ রয়েছে। লকডাউনের এই দুইদিন দূরপাল্লার কোনো বাস চলাচল করবে না। পরিবহন ও যাত্রীদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো বাস চলাচল স্বাভাবিক হবে।
বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়কে সংঘাত ও যানবাহনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে ঢাকাগামী বাস চালানোর পরিকল্পনা করেছিল। তবে রোববার সকালে নিরাপত্তা শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে সব ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এসব রুটে যাত্রী চলাচলেও তেমন কোনো সমস্যা নেই।
(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









