খুলনা রেঞ্জে তিন মাসে ৩২ হাজার ৭১১ আসামি গ্রেপ্তার, ১৪৭ অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:২৩| আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:৩১
অ- অ+

মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে কাজ করছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। রেঞ্জটিতে দায়িত্ব নেওয়ার পর থেকে অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সক্রিয় রাখা, গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনায় গুরুত্ব দিচ্ছেন তিনি। তার নির্দেশনায় খুলনা রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে গত তিন মাসে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ হাজার ৭১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন মামলায় এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৯ হাজার ৭৫১ জন পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে ৫২টি মামলায় ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিআইজি রেজাউল করিমের নির্দেশনায় অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক কারবারি, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও নিষিদ্ধ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের তৎপরতা বাড়ানো এবং নিয়মিত অভিযান পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭৮৪ জন, বিপুল মাদক উদ্ধার

মাদকের বিস্তার রোধে খুলনা রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। গত তিন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭৮৪ জনকে।

অভিযানে প্রায় ৮১ হাজার ইয়াবা ট্যাবলেট, ২০৩ কেজির বেশি গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল বড়ি এবং দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

তিন মাসে ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে রেঞ্জ পুলিশ। সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪০টি মামলা হয়েছে। এসব মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৪৭টি অস্ত্র।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র ও ১১৬টি দেশীয় অস্ত্র রয়েছে। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান ও ১৫টি ওয়ান শুটারগান।

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে কঠোর অবস্থান

রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে নাশকতা চেষ্টা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের অবৈধ কার্যক্রমে সংশ্লিষ্টতায় গত তিন মাসে ৩ হাজার ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে খুলনা রেঞ্জ পুলিশ। এর মধ্যে সেপ্টেম্বরে ১ হাজার ৮৮ জন, অক্টোবরে ১ হাজার ১১ জন এবং নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত ১ হাজার ৪৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অনলাইন জুয়ার বিরুদ্ধে ৬৪টি মামলা করে ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চোরাচালানের ঘটনায় ৬৭টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা

সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অভিযান চালিয়েছে রেঞ্জ পুলিশ। মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৫ হাজার ৮৭৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়েছে।

এ সময়ে জরিমানা আদায় হয়েছে ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা। জব্দ করা হয়েছে ২ হাজার ৭৪৫টি যানবাহন। এর মধ্যে মোটরসাইকেল রয়েছে ১ হাজার ৯৬৬টি।

যা বলছেন ডিআইজি রেজাউল করিম

ডিআইজি মো. রেজাউল করিম বলেন, “খুলনা রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “একই সঙ্গে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা, পুলিশি সেবা সহজ করা এবং বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে আমরা কাজ করছি। অপরাধ দমনে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা রেঞ্জ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রবিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু
ফের খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ 
টাঙ্গাইলে যুবদল নেতার বাড়িতে মিলল ৭ বস্তা বিদেশি মদ
যশোরে আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার