আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: উপদেষ্টা তিতুমীর

আমদানিনির্ভরতা কমিয়ে বহুমুখী, দক্ষ, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে চলমান জ্বালানি সংকট মোকাবিলা করে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করে।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষের জীবনমান, শিল্প ও কৃষির উৎপাদনশীলতা, বিনিয়োগ পরিবেশ এবং অর্থনীতির কাঙ্ক্ষিত রূপান্তর জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভরশীল। এ কারণে সরকার জ্বালানি খাত পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা শুধু বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সরকারি ভর্তুকি এবং অর্থনীতির বহিঃখাতের ওপর চাপ কমানোও এর অংশ।
উপদেষ্টা বলেন, সরকার দুটি বিষয়ে একসঙ্গে কাজ করছে। একটি হলো চলমান জ্বালানি সংকট মোকাবিলা করে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করা। অন্যটি হলো আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক কাঠামো থেকে বেরিয়ে বহুমুখী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা।
বিদ্যুৎ খাতের ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ বাবদ প্রায় ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা থাকলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণব্যবস্থার সমন্বিত সক্ষমতা এবং জ্বালানির প্রাপ্যতাও বিবেচনায় নিতে হবে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব তুলে ধরে তিতুমীর বলেন, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। এ সময় প্রায় ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো বাতিলের পরিস্থিতি তৈরি হয়। ফলে স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ সরাসরি জনগণের ওপর না দিয়ে কৃষক, পরিবার, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আয়ভিত্তিক মূল্য নির্ধারণের ব্যবস্থা বা ‘ইকুইটি-বেজড ডিফারেনশিয়াল প্রাইস মেকানিজম’ নিয়ে কাজ চলছে।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎকে অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানিতে শুল্ক ৬৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এসব পণ্যের ওপর আয়করও ১৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে সরকারি ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
দেশীয় গ্যাস অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ে ১৫০টি কূপ খননের মাধ্যমে দৈনিক ১ হাজার ৭৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন এবং জ্বালানি ব্যবস্থার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. এম আবু ইউসুফ। গবেষণার ফলাফল ও নীতিগত তাৎপর্য তুলে ধরেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।
প্যানেল আলোচনায় অংশ নেন বিভিন্ন গবেষণা ও জ্বালানি খাতের বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












