৬ দিনের ব্যবধানে সাতক্ষীরা আদালত চত্বরে দ্বিতীয়বার বিস্ফোরণ

৬ দিনের ব্যবধানে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার দুপুরে বিকট শব্দে এ বিস্ফোরণে কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিন ক্যান্টিনের টিনের চালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলাকাটি বেশ কর্মচঞ্চল ছিল। হঠাৎ ক্যান্টিনের টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর একই ক্যান্টিনের চালে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো কচটেপে মোড়ানো ক্রিকেট বলের আকৃতির ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












