তিতাসের পাইপলাইনে নতুন করে দুর্ঘটনা, গ্যাসের তীব্র সংকট

রাজধানীসহ সারাদেশে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকটের মধ্যে তিতাস গ্যাসের পাইপলাইনে আবারও দুর্ঘটনা ঘটেছে। এতে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ আরও কমে গেছে, ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, শনিবার (১০ জানুয়ারি) মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের একটি ভাল্ভ ফেটে পাইপলাইনে ছিদ্র সৃষ্টি হয়। দুর্ঘটনাস্থল মেরামতের জন্য একাধিক ভাল্ভ বন্ধ রাখতে হওয়ায় বিতরণ লাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তিতাসের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাপ সীমিত থাকার কারণে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। কোথাও কোথাও গ্যাস একেবারেই মিলছে না, আবার কোথাও নিভু নিভু করে জ্বলছে চুলা।
এর আগে আমিনবাজার এলাকায় পাইপলাইনে ছিদ্র হওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে ঢাকাবাসী কম চাপে গ্যাস পাচ্ছিলেন। যদিও ছিদ্রটি মেরামত করা হয়েছে, তবে পাইপলাইনে জমে থাকা পানি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তিতাস। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
এর মধ্যে নতুন করে ভাল্ভ ফেটে যাওয়ার ঘটনায় সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিতাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভাল্ভ বদলের কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































