কেরাণীগঞ্জে বাসে তল্লাশিতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যমানের ৫০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এদিন রাতে র্যাব-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ফরিদপুর থেকে ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে থাকা একটি স্কুল ব্যাগ থেকে আনুমানিক চার লাখ টাকা মূল্যমানের ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ওই ব্যাগের মালিক মোসা. মনজুরা আক্তার জলিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত নারী একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আগেও মাদক সংশ্লিষ্ট মামলার তথ্য রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া শেষে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































