মিরপুরে বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম সানজিদা ইসলাম মিম (১৯)। তিনি মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার সকালে মিরপুর ১০ নম্বর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিম বরগুনা জেলার চাঁদখালী এলাকার সাখাওয়াত মৃধার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে মিরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের ভাই সাখাওয়াত হোসেন জানান, তার বোন মেধাবী ছাত্রী ছিলেন। পরিবারের অগোচরে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবকের সঙ্গে অভিমান করে শনিবার সকালে নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন মিম। দীর্ঘ সময় পার হলেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে মিমকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































