রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ— বিজিবি মোতায়েন করা হয়েছে। মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল থেকে আদর্শ স্কুল মাঠে জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং পুরো মাঠজুড়ে চেয়ার বসানো হয়েছে। বিকাল পাঁচটার পরে দলটির আমির নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য শুরু করেন।
এর আগে দুপুরের পর থেকে দাড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা মাঠে আসেন। মাঠের ভেতরের চেয়ার পূর্ণ হয়ে গেলে আশপাশের সড়কেও অবস্থান নেন অনেকে।
দলীয় সূত্র জানায়, শফিকুর রহমান এই মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু করবেন। দলীয় কর্মসূচি অনুযায়ী, শুক্রবার তিনি উত্তরাঞ্চল সফরে বের হবেন। পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ ও রংপুরে একাধিক জনসভা করার কথা রয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, সফরকালে বিভিন্ন জেলা শহর ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































