র্যাবের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট: ৩৫ হাজার টাকা জরিমানা, অসাধু ব্যবসায়ীদের সতর্কবার্তা

ঢাকার কেরাণীগঞ্জে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও মজুতদারী প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব-১০। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে কেরাণীগঞ্জের বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও পাইকারি আড়তে এ অভিযান পরিচালিত হয়। এতে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব-১০ এর আভিযানিক দল এবং বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অভিযানকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভেজাল খাদ্যদ্রব্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শনের আহ্বান জানানো হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার ঢাকা টাইমসকে জানান, আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
এছাড়া কোনো অনিয়ম চোখে পড়লে নিকটস্থ র্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে সাধারণ জনগণকে অনুরোধ করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































