মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে জখম, শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ২৩:৪৫
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম ও চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

মঙ্গলবার পটুয়াখালী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব জানিয়েছে।

এদিন রাতে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি বিকালে মোহাম্মদপুর থানার বসিলা রোডের ময়ূরভিলা এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মো. রাসেল (৩৭) ও মো. মামুন (৩২) নামে দুই ব্যক্তিকে মারধর ও ধারালো সামুরাই দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এর পরদিন ২২ ফেব্রুয়ারি রাতে একই এলাকার ময়ূরভিলা এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে (২৯) ধারালো সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে একই চক্রের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনাতেও মোহাম্মদপুর থানায় আরেকটি হত্যাচেষ্টা মামলা করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে গত ১ মার্চ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে একটি বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে ৮ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন ওরফে কাউয়া রিপন এবং মিন্টু আহমেদ ওরফে পাপ্পুকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি সামুরাই, একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার পটুয়াখালী সদর এলাকা থেকে এই ঘটনার প্রধান আসামি মোল্লা কাউসারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানিয়েছে, মোল্লা কাউসার ও তার সহযোগীরা দেশি-বিদেশি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মোল্লা কাউসারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে আরও অভিযান চালানো হচ্ছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা