‘আমি সুস্থ আছি’, নিজের মৃত্যুর খবরে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব হাসান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ০০:৪৭| আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০০:৫৯
অ- অ+

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটর ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর তথ্য। সেখানে দাবি করা হয়, নিহত ব্যক্তি ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন রাকিব হাসান নিজেই।

রবিবার রাতে ইউটিউব চ্যানেল ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানানো হয়, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিহত ব্যক্তি রাকিব হাসান নন।

এর আগে শহীদ মিনার এলাকায় রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটর দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতে থাকে যে, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির পরিচালক রাকিব হাসান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমেও তার ছবি ব্যবহার করে খবর প্রকাশ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ মিনারের ঘটনায় নিহত রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তার বাসা পুরান ঢাকার নিমতলি এলাকায়। রাকিব পুরান ঢাকার শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাকিব হাসান বলেন, “আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। পরে অনেকের ফোনে এই খবরটি পাই। এমন গুজবে আমি নিজেই বিব্রত। আমি সুস্থ ও ভালো আছি। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।”

এদিকে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ রাকিব ভাই সুস্থ আছেন। গুজবে কেউ কান দেবেন না। যারা এই ফেইক নিউজ শুনে আমাদের ফোন বা মেসেজ দিচ্ছেন, তাদের সবাইকে বলছি—দুশ্চিন্তা করবেন না, আপনাদের ভালোবাসার মানুষ সুস্থ আছেন। সবাইকে একসঙ্গে উত্তর দিতে না পারায় আমরা দুঃখিত।”

২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব হাসান। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে অল্প সময়েই তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে তার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা