ভাটারায় সহকর্মীর লাঠির আঘাতে সিকিউরিটি গার্ড নিহত, গ্রেপ্তার ১

রাজধানীর ভাটারা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সহকর্মীর লাঠির আঘাতে মো. রাকিব হাসান নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক রয়েছে।
ভাটারা থানার এসআই সুমন বিশ্বাস জানান, বুধবার বিকালে কুড়িল বাজার রোড এলাকায় একটি সিকিউরিটি কোম্পানির গার্ডদের মেসে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসানের সঙ্গে তার সহকর্মী শাকিল আলীর ১৩ হাজার টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
পুলিশ জানায়, একপর্যায়ে শাকিল আলী ও তার সহযোগী মাসুদ রানা মিলে রাকিবকে মারধর করেন। এ সময় শাকিল একটি কাঠের লাঠি দিয়ে রাকিবের বাম কানের নিচে জোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এসআই সুমন আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর প্রধান অভিযুক্ত শাকিল আলী পালিয়ে গেলেও তার সহযোগী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত রাকিব হাসান লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমনী মহন গ্রামের বাসিন্দা সোহরোয়ার্দীর ছেলে। তিনি রাজধানীর জোয়ার সাহারা এলাকায় বসবাস করতেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































