৪০ দিনের বিরতি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু, মানতে হবে নতুন নিয়ম

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষা প্রশাসন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে, যা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছরই এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রতিদিন শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে নিয়মিত তদারকি জোরদার এবং পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে, যাতে তাদের মধ্যে দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে ওঠে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বিদ্যমান বাগানের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাময়িক ছুটি ঘোষণা করেছিল। ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর হয়। ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
অন্যদিকে দীর্ঘ ছুটিতে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে প্রাথমিক পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে ছুটি শেষে পরবর্তী ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা হবে। সাপ্তাহিক ছুটির দিনেও শ্রেণিকক্ষে পাঠদান চলবে, যার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।
(ঢাকাটাইমস/২৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































