রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
গত রাত (বৃহস্পতিবার দিবাগত) একটার দিকে মনেশ্বর রোডের একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মো. সাইদুল আমিন সীমান্ত (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সাইদুল আমিন সীমান্ত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে। হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
জানা যায়, রাতে সীমান্তের রুমমেট বাইরে তেকে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বাড়ির মালিক ও পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় রাত ১টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সীমান্তের চাচা রুহুল আমিন বলেন, ‘কীভাবে কী হয়েছে, তা এখনো বুঝতে পারছি না।’
(ঢাকাটাইমস/৩এপ্রিল/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































