হামে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি আটজন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত শিশুদের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন শিশু প্রাণ হারিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১০৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে সর্বোচ্চ ৪৮৫ জনই ঢাকা বিভাগের। এই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ জন শিশু। এর মধ্যে ২৯০ জনই ঢাকার বাসিন্দা। সরকারি হিসাবমতে, বর্তমানে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৬ জন, যার বড় অংশই (১৫৭ জন) ঢাকা বিভাগের।
তবে আশার কথা হলো, একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৩৫টি শিশু। এর মধ্যে চট্টগ্রামের ২৫৮ জন, ঢাকার ৭৯ জন এবং রাজশাহীর ৮৯ জন শিশু রয়েছে। এছাড়া খুলনা, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































