হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সংক্রমণ বাড়ছেই

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ জন।
এদিকে সংক্রমণের সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৩ জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ১৯ হাজার ১৬১ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১২ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৯ হাজার ৭৭২ জন হাসপাতাল ছেড়েছেন।
ঢাকায় সংক্রমণ সবচেয়ে বেশি
বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, ঢাকায় সংক্রমণ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে সেখানে দুজনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য বিভাগেও সংক্রমণ থাকলেও তুলনামূলকভাবে কম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































