মিনায় শয়তানকে পাথর নিক্ষেপেও ক্রিকেটীয় স্টাইল, ভাইরাল ওয়াসিম আকরাম

পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আবারও আলোচনায় এসেছেন। তবে এবার ক্রিকেট মাঠে নয়, সৌদি আরবের মিনায় ‘রমি আল জামারাত’ পালনের সময় তার ভিন্নধর্মী উপস্থিতি নজর কেড়েছে সবার।
হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘রমি আল জামারাত’-এ প্রতীকীভাবে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে দেখা যায় ৫৯ বছর বয়সী এই সাবেক ফাস্ট বোলারকে। তবে সাধারণভাবে নয়, নিজের পরিচিত বোলিং অ্যাকশনের আদলে পাথর ছুড়ে তিনি যেন ফিরিয়ে আনেন ক্রিকেট মাঠের পুরোনো স্মৃতি।
সৌদি আরবের মিনায় ধারণ করা সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, স্বভাবসুলভ রান-আপ ও বোলিং ভঙ্গিতে পাথর নিক্ষেপ করছেন ওয়াসিম আকরাম। বিষয়টি অনেকেই হাস্যরসাত্মক ও ব্যতিক্রমধর্মী হিসেবে দেখেছেন।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। ক্রিকেটভক্তদের কেউ কেউ লিখেছেন, “সুলতান অব সুইং মাঠের বাইরে গিয়েও নিজের স্টাইল ভুলেননি।” আবার কেউ মন্তব্য করেছেন, “ওয়াসিমের বোলিং অ্যাকশন চিরকালই আলাদা।”
এদিকে হজ পালনকালে সাঈদ আনোয়ার, মিসবাহ-উল-হক এবং পাকিস্তানের জনপ্রিয় গায়ক ও উপস্থাপক ফখর-ই-আলম–এর সঙ্গেও দেখা যায় ওয়াসিম আকরামকে। তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মক্কার পবিত্র পরিবেশে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকাদের একসঙ্গে দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































