১৬১ টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, পকেট গেট বন্ধের নির্দেশ

দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিরাপত্তা জোরদারে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে প্রধান গেট ও এর আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রেখে নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব প্রতিষ্ঠানে সরকারের মূল্যবান ও ভারী যন্ত্রপাতিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সম্পদ রয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশদ্বার বা পকেট গেট খোলা থাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। এতে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং সরকারি সম্পদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
এ অবস্থায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশ ও বের হওয়ার জন্য কেবল একটি প্রধান গেট নির্ধারিত সময়ে খোলা রাখা যাবে। অন্য সব প্রবেশপথ নিয়ন্ত্রণে রাখতে হবে।
এ ছাড়া প্রধান গেট এবং আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির আওতায় রাখতে হবে। পাশাপাশি নিয়মিত ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহজনক কার্যক্রম শনাক্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়ন এবং বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানিয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার এবং সরকারি সম্পদ সুরক্ষার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
(ঢাকাটাইমস/৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































