পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল স্পেন

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
মেক্সিকোর পুয়েবলার কুয়াউতেমোক স্টেডিয়ামে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে স্পেন ৩-১ গোলে হারায় পেরুকে। প্রস্তুতি পর্বে নিজেদের আগের ম্যাচে ইরাকের সাথে ১-১ গোলে ড্র করে স্পেন।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেরুর ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন মিকেল ওয়ারজাবাল।
এগিয়ে যাওয়ার পরও গোলের জন্য স্পেন। এরই ধারাবাহিকতায় ৩২ মিনিটে পেরুর জালে দ্বিতীয়বারের বল পাঠায় তারা। ফেরান তোরেসের ক্রসে ফাঁকায় বল পেয়ে গোল আদায় করে নেন পেদ্রি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় স্পেন।
বিরতি থেকে ফিরে তৃতীয় গোলের আনন্দে মেতে ওঠে স্পেন। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ইয়েরেমি পিনোর ক্রস ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসি। আত্মঘাতী গোলে সুবাদে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
স্পেনের তৃতীয় গোলের ১১ মিনিট পর ব্যবধান কমায় পেরু। সতীর্থের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে গোল করেন পেরুর হাইরো ভেলেস। এরপর ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্পেন।
বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে পেরুর বিপক্ষে জয় স্পেনকে বাড়তি আত্মবিশ্বাসী দেবে বলে জানান স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্সে। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ আর বিশ্বকাপের ম্যাচের মধ্যে পার্থক্য অনেক। কিন্তু জয়ের স্বাদ নিয়ে বিশ্বকাপ খেলতে নামার আলাদা সুবিধা আছে। এতে দলের মধ্যে সবাই আত্মবিশ্বাসী থাকে। প্রস্তুতি ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখন এগুলো শুধরে নেওয়ার পালা। আশা করি, বিশ্বকাপের মূল আসরে ছেলেরা ভালো করবে।’
১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে ফুটবল বিশ্বকাপ শুরু হবে। ‘এইচ’ গ্রুপে স্পেনের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দ, সৌদি আরব ও উরুগুয়ে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে স্প্যানিশরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































