জঙ্গল সলিমপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজন এসপি মাসুদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ২০:১৯
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এক ফুটবল ম্যাচের আয়োজন করেছে জেলা পুলিশ। ব্রাজিল ও আর্জেন্টিনা নামে দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নামে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা ইস্যুতে আলোচিত এ জনপদে খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বার্তা নিয়ে আয়োজন করা হয় এ ম্যাচ।

বৃহস্পতিবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকার আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচটির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সীতাকুণ্ড থানার কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ম্যাচে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, উচ্ছ্বাস এবং দর্শকদের সরব উপস্থিতি। স্থানীয় বাসিন্দারাও খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা গড়ে তোলে। একই সঙ্গে এ ধরনের আয়োজন পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।

আয়োজকরা জানান, শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, সমাজের তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও জেলা পুলিশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজকের এই প্রীতি ফুটবল খেলায় ব্রাজিল দলের বিপক্ষে আর্জেন্টিনা ৪-১ গোলের ব্যবধানে জয় পায়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের পথে বাংলাদেশ
নারীদের জন্য ঢাকার গুরুত্বপূর্ণ রুটে চলবে পিংক বাস: অর্থমন্ত্রী
সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে হামলা, আহত কয়েকজন সদস্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা