ভাগ্য ভালো যে আরও গোল হজম করিনি: ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১৩:০৪
অ- অ+

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারেনি ব্রাজিল। বিশেষ করে প্রথমার্ধের খেলা নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো। তার মতে, শুরুর ৪৫ মিনিটে ব্রাজিল এতটাই এলোমেলো ছিল যে ভাগ্য সহায় না হলে আরও গোল হজম করতে হতো।

তবে বিরতির পর কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। দানিলোর বিশ্বাস, এই প্রত্যাবর্তন দলকে পরবর্তী ম্যাচগুলোর জন্য কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা প্রত্যাশিত ‘স্বপ্নের শুরু’ পায়নি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ব্রাজিল। ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতা ফেরায় দলটি। এরপর আর কোনো গোল না হলে ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে।

ম্যাচের ৮০তম মিনিটে বদলি হিসেবে নামা দানিলো প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে কঠোর মন্তব্য করেন। তার ভাষায়, “প্রথমার্ধে আমরা খুবই খারাপ খেলেছি। অবস্থান, টেকনিক, ট্যাকটিক্স—সব দিক থেকেই আমরা দুর্বল ছিলাম।”

বোতাফোগোর এই মিডফিল্ডার আরও বলেন, শুরু থেকেই দল মানসিক চাপে ছিল এবং সেই চাপ থেকেই একের পর এক ভুল হয়েছে। তার মতে, “আমরা খুবই নার্ভাস ছিলাম, অস্থির ছিলাম। ভাগ্য ভালো ছিল বলে আরও গোল হজম করিনি।”

তবে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেন দানিলো। তার মতে, সেই সময় বল দখল ও আক্রমণ তৈরি করতে পারায় দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

অন্যদিকে কাসেমিরোও মনে করেন, দ্বিতীয়ার্ধে ব্রাজিল তুলনামূলক ভালো খেলেছে। তার ভাষায়, মরক্কো শুরু থেকেই কঠিন প্রতিপক্ষ ছিল এবং ব্রাজিলের জন্য ম্যাচটা সহজ ছিল না। তিনি বলেন, “আমরা জয়ে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এটি ছিল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একটি কঠিন ম্যাচ। শুরুটা আমাদের প্রত্যাশামতো হয়নি।”

পরবর্তী ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে হাইতির বিপক্ষে, বাংলাদেশ সময় ২০ জুন সকাল সাড়ে ৬টায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, সবচেয়ে অশান্ত রাশিয়া
নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন
রামিসা হত্যা: অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চাইলেন সোহেল রানা
জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা