বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

২০২৬ বিশ্বকাপ থেকে তৃতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার। গ্রুপ পর্বে টানা দ্বিতীয় হারের পর আফ্রিকার প্রতিনিধিদের নকআউট পর্বে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। এর আগে হাইতি ও তুরস্ক বিদায় হয়েছে।
শনিবার মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাপান। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে দাপুটে ফুটবল উপহার দেয় এশিয়ার দলটি।
জাপানের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন স্ট্রাইকার আয়াসে উয়েদা। ম্যাচে জোড়া গোল করেন তিনি। এছাড়া দাইচি কামাদা ও জুনিয়া ইতো একটি করে গোল যোগ করে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় বড় ব্যবধানে হার দেখল তিউনিসিয়া। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। ফলে দুই ম্যাচে ৯ গোল হজম করে মাত্র এক পয়েন্টও অর্জন করতে পারেনি তারা।
অন্যদিকে টানা ভালো পারফরম্যান্সে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরও জোরালো করেছে জাপান। দুই ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট যোগ করে গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করেছে ব্লু সামুরাইরা।
গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও তিউনিসিয়ার জন্য সেটি এখন শুধুই নিয়মরক্ষার। অন্যদিকে শেষ ম্যাচে ভালো ফল করে নকআউটের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাপান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































