হালান্ডের জোড়া গোল, সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয়ে নকআউট পর্বে নরওয়ে

ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে নরওয়ে। তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের জোড়া গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘আই’ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি।
নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে প্রথম গোলের দেখা মেলে প্রথমার্ধের শেষদিকে। ৪৩ মিনিটে সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালির ভুলের সুযোগ কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় পেডারসেন গোল করে নরওয়েকে এগিয়ে দেন।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নরওয়ে। ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের দারুণ পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। তবে পাঁচ মিনিট পরই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সেনেগাল। সাদিও মানের চমৎকার পাস থেকে ইসমাইলা সার গোল করে ব্যবধান কমান।
সেনেগাল যখন সমতায় ফেরার চেষ্টা চালাচ্ছিল, তখনই আবারও আঘাত হানেন হালান্ড। ম্যাচের ৫৮ মিনিটে প্রতিপক্ষের বক্সে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচের যোগ করা সময়ে ইসমাইলা সার ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২ করলেও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি সেনেগাল। ফলে গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দুই পরাজয়ে কঠিন সমীকরণের মুখে পড়েছে সেনেগাল। শেষ ম্যাচে জয় পেলেও তাদের ভাগ্য নির্ভর করতে পারে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর।
এদিকে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৪-এ উন্নীত করেছেন হালান্ড। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক ও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।
(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































