হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯৪৫টি শিশু।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু এবং উপসর্গ রয়েছে আরও ৮৯৩ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৬ শিশু।
গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৯৮টি শিশু প্রাণ হারিয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬০৫ জন মারা গেছে। এই সাড়ে তিন মাসে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে এবং এর মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে এই পর্যন্ত মোট ৮০ হাজার ৪৯৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































