শূন্য পদ পূরণে

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ১৮:২২
অ- অ+

দেশের সরকারি হাসপাতালগুলোতে জনবল সংকট কাটাতে দ্রুত ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসক, নার্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীর বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণে সরকার বড় উদ্যোগ নিয়েছে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

তিনি জানান, নার্সদের ক্ষেত্রেও জনবল সংকট রয়েছে। সারা দেশে অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি নার্স পদের মধ্যে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন। শূন্য পদ রয়েছে ৪ হাজার ৫৭৭টি।

মন্ত্রী বলেন, সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে। মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে অনুমোদিত ৬৫ হাজার ২৩১টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে শূন্য পদ রয়েছে ১৮ হাজার ৯৪৭টি।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদের সংখ্যা ২৩ হাজার ৫০০টি। এর মধ্যে কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন এবং শূন্য রয়েছে ৮ হাজার ২৯৩টি পদ। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে শূন্য রয়েছে ৩ হাজার ১৬১টি।

এ ছাড়া কমিউনিটি ক্লিনিকের গুরুত্বপূর্ণ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ খালি রয়েছে। স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য পদ রয়েছে ৬ হাজার ৯৫৩টি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শূন্য পদে জনবল নিয়োগ সরকারের চলমান প্রক্রিয়া। চিকিৎসক সংকট মোকাবিলায় ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সিনিয়র স্টাফ নার্সদের শূন্য পদ পূরণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ কার্যক্রম এগিয়ে চলছে। দশম গ্রেডের মিডওয়াইফ পদ পূরণের জন্য গত ১৯ এপ্রিল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে পদায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। দ্রুততম সময়ে এ নিয়োগ প্রক্রিয়া শেষ করে শূন্য পদগুলোতে জনবল পদায়ন করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রদলের
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক
রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা