মেসিদের জন্য দুঃসংবাদ? ফাইনালের আগে স্পেনকে এগিয়ে রাখল সুপার কম্পিউটার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, ১৩:১০
অ- অ+

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের জন্য এসেছে এক পরিসংখ্যানভিত্তিক দুঃসংবাদ। বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাসে শিরোপার দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।

২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফল বিশ্লেষণ করে অপটার সুপার কম্পিউটার জানিয়েছে, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৫৯ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনার সম্ভাবনা ৪০ দশমিক ৪ শতাংশ।

বিশ্লেষণে দেখা গেছে, ২৫ হাজার সিমুলেশনের মধ্যে ৪৫ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত ৯০ মিনিটেই জয় পেয়েছে স্পেন। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে, আর ২৬ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত সময়েই জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা।

অপটার মতে, স্পেনের শক্তিশালী রক্ষণভাগ এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতাই তাদের এগিয়ে রেখেছে। পুরো টুর্নামেন্টে প্রতি ম্যাচে প্রতিপক্ষকে মাত্র ০.৩১ এক্সপেক্টেড গোল (xG) সুযোগ দিয়েছে তারা। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে এটি যৌথভাবে অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান। গোলরক্ষক উনাই সিমোনও ছয় ম্যাচে ক্লিন শিট রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তবে পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও আর্জেন্টিনাকে হালকাভাবে দেখছে না অপটা। লিওনেল মেসির দল এবার টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। কাতার বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুটি বিশ্বকাপ জেতা ইতিহাসের মাত্র তৃতীয় দল হবে আর্জেন্টিনা।

ফাইনালের আরেকটি বড় আকর্ষণ হতে পারে লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই। দুজনই শুরুর একাদশে থাকলে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষ দুই দলের দুই খেলোয়াড়ের বয়সের পার্থক্য হবে ২০ বছরের বেশি। মেসির বয়স ৩৯ বছর, আর ইয়ামালের ১৯।

তবে অপটার পূর্বাভাসই শেষ কথা নয়। চলতি বিশ্বকাপেও একাধিকবার তাদের সম্ভাবনার হিসাব বদলেছে। টুর্নামেন্ট শুরুর আগে ফ্রান্সকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হলেও শেষ পর্যন্ত সেই হিসাব মেলেনি। তাই সুপার কম্পিউটার স্পেনকে এগিয়ে রাখলেও, বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠবে, তার চূড়ান্ত উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জাবেদের গুলশানের ফ্ল্যাটে মিলল শত শত কোট–টাই ও বিলাসবহুল সামগ্রী
তানজিদের ব্যাটে জয়ের আশা জাগিয়ে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা