ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিন শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগীদের মধ্যে বরিশালে ৭৫, চট্টগ্রামে ৭৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬, খুলনায় ৮৪, ময়মনসিংহে ১৩, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮ এবং সিলেটে একজন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৫৬ জন। এর মধ্যে জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫২ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছেন ২৯ জন।
অন্যদিকে, একই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন ছিলেন।
চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২৮। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৩৩ জন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































